রাবিতে সরাসরি কোম্পানিকে কাজ দেওয়ায় রঙের কাজ বন্ধ, সাংবাদিক হেনস্তার অভিযোগ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫০ পিএম


রাবিতে সরাসরি কোম্পানিকে কাজ দেওয়ায় রঙের কাজ বন্ধ, সাংবাদিক হেনস্তার অভিযোগ
ছবি: আরটিভি

কোম্পানির মাধ্যমে কাজ করানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি ভবনে ও একটি স্টেডিয়ামে চলমান রঙের কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদাররা। 

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) সকালে ভবন ও স্টেডিয়ামে গিয়ে জোরপূর্বক কাজ বন্ধ করে দেন তারা। একপর্যায়ে তারা প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে সেটির ভিডিও করায় এক সাংবাদিককে হেনস্তা করেন কয়েকজন ঠিকাদার।

হেনস্তার শিকার সাংবাদিক সোহাগ আলী তিনি চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সোনার দেশের রাবি প্রতিনিধি। অভিযুক্তদের মধ্যে রানা নামের এক ঠিকাদারের নাম পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সমাবর্তনকে সামনে রেখে (প্রশাসন ভবন ১, প্রশাসন ভবন ২, সিনেট ভবন) ও স্টেডিয়ামের রঙের কাজ করছে বার্জার কোম্পানি। সাধারণত এই ধরনের কাজ বছরে যেসব ঠিকাদার নিয়মিত দায়িত্ব পালন করেন, তারাই কাজটি পান। কিন্তু এবার সময়সংকট ও কাজের মান নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট কমিটি চুক্তির মাধ্যমে বার্জারকে দায়িত্ব দেয়।

তবে অভ্যন্তরীণ ঠিকাদাররা দাবি করেন, সারা বছর তারা বিশ্ববিদ্যালয়ের কাজ করেন, তাই এ কাজটিও তাদেরই দেওয়া উচিত ছিল। এ দাবিতে তারা বার্জারের কাজ বন্ধ করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান তাদের সঙ্গে দপ্তরে আলোচনা করেন। সেখানে কয়েকজন ঠিকাদার উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে সাংবাদিক সোহাগ আলী ঘটনাটি ভিডিও করতে গেলে তাকে হেনস্তা করা হয় ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি ও রাবি সাংবাদিক সমিতি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়ে জড়িতদের শাস্তির দাবি জানায়।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আলোচনার সময় কিছু জুনিয়র কর্মী অশোভন মন্তব্য শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমি একজনের লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে আরও কয়েকজন উচ্চস্বরে কথা বলতে থাকে এবং পরিবেশ উত্তপ্ত করে তোলে। এরপর সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হয়—যা মোটেও কাম্য নয়। সহকারী প্রক্টররা দ্রুত তাকে নিরাপদে বের করে আনেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবাদিকরা আমার কক্ষে আসবে—এটা তাদের অধিকার। পুরো ঘটনাটি দুঃখজনক ও অনভিপ্রেত।

আরও পড়ুন

হেনস্তার শিকার সোহাগ আলী বলেন, প্রক্টর দপ্তরের ভেতরেই কয়েকজন ঠিকাদার আমার ওপর চড়াও হয় এবং আমার ফোন কেড়ে নেয়। যদিও কয়েকজন তাদের থামানোর চেষ্টা করেছিল, তবুও বিষয়টি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকির নামান্তর। আমি জড়িতদের শাস্তি দাবি করছি।

রঙের কাজ আবার শুরু হবে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, আগামীকাল থেকেই কাজ পুনরায় শুরু হবে। ১৭ ডিসেম্বর সমাবর্তন—কাজ শেষ করতেই হবে।

সরাসরি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে প্রশাসনের কোনো ভুল হয়েছে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, এ সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদিত। জরুরি কাজ হওয়ায় কোম্পানিকে দিয়ে করানো হচ্ছে। এটি টেন্ডার ছাড়া করার সুযোগ ছিল এবং আমরা সেই নিয়মেই এগিয়েছি।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission